নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবার ছয় দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই রায় জারি করেন।

পূর্বে এই মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবার সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

মামুন খালেদকে ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। তিনি ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ পর্যায়ে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তিনি একই পদে থাকেন। পরবর্তীতে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন এবং ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আগের সাত দিনের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে দেলোয়ার হোসেন (৪০) জুলাই ছাত্র আন্দোলনের সমর্থনে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান করছিলেন। তখন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসী মামুন খালেদের নির্দেশে নির্বিচারে গুলি চালায়। এতে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই দেলোয়ার মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে। প্রাথমিক তদন্তে মামুন খালেদের এ ঘটনার সঙ্গে জড়িত থাকার পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে।