রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা থেকে টালিউড এখনো সামলে ওঠেনি। এই শোকের মাঝেই এসেছে আরেক দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। গতকাল সোমবার হঠাৎ হৃদরোগে পড়েন প্রণব। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াণ করেন এই অভিনেতা।

প্রণবের মৃত্যুর পর অভিনেত্রী অলকানন্দা গুহর একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছেন, প্রণব কাজের অভাবে মানসিক চাপে ছিলেন। অলকানন্দার পোস্টে আছে, “ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার” এটাই বলেছিলে তো? আমি নিজের কাজ এ তোমায় ডাকি কারণ অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না।

প্রণব চট্টোপাধ্যায় টেলিভিশনে কাজ করতেন। তাঁকে দেখা গেছে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ কিংবা জি বাংলার ‘ভগবান দাস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। এছাড়া জি বাংলা ও স্টার জলসার একাধিক মেগাসিরিয়ালে জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেছেন।

প্রণবের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। প্রণবের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘তোমাকে আর বকার সুযোগ হবে না।’

রাহুলের শেষকৃত্য চলাকালীন প্রণবের মৃত্যুর খবর আসে। গত ৪৮ ঘণ্টায় দুই তরুণ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ পুরো টালিউড।

হিন্দুস্তান টাইমস