চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই ফটক থেকে নিখোঁজ হয়ে গেছেন ৭০ বছর বয়সী মো. আবদুল মান্নান। এ ঘটনা ঘটে ১৫ মার্চ ভোরে। নিখোঁজের তিন দিন পর তাঁর পরিবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। তবে খবরটি জানাজানি হয়েছে পরবর্তী সময়ে।
মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা আবদুল মান্নান। পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রীর করা মামলা থেকে ১৫ মার্চ ভোর ৫টা ২০ মিনিটে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাঁকে খুঁজে পাননি।
নিখোঁজ বৃদ্ধের ছেলে আসিফ হাসান মুক্তকণ্ঠকে বলেন, তাঁর বাবা স্ট্রোকের রোগী এবং বর্তমানে তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এক চোখে দেখেন না। নিখোঁজের সময় বাবার পরনে ছিল পায়জামা ও গেঞ্জি। বাবার সন্ধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তির ছেলে থানায় এসে জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ ওই বৃদ্ধের সন্ধান পেয়ে থাকলে চুয়াডাঙ্গা সদর থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।






