তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনয়শিল্পী রাহুল বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর পেছনে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি; ইউনিটের সদস্যদের বক্তব্যের সঙ্গে পুলিশের হাতে থাকা ফুটেজে বেশ কয়েকটি অসঙ্গতি পাওয়া গেছে বলে কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে। এই পরিস্থিতিতে শুটিংয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, গাফিলতির জন্যই শুটিংয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এ কারণেই প্রযোজনা সংস্থাকে কালোতালিকায় ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের দাবি, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে “খুনের” অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট সিরিয়ালের যুক্ত প্রযোজক, প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে কালোতালিকাভুক্ত করা হোক। রাহুলের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে প্রযোজনা সংস্থা ও চ্যানেলের কাছ থেকে—এই দাবিতেও সোচ্চার অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
গতকাল সোমবার সংগঠনটির অফিশিয়াল এক্স হ্যান্ডলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তোলার সঙ্গে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। সংগঠন বলছে, “এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়ই শিল্পীদের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে আপস করে থাকে।
ফল—কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের এমন দুর্ঘটনা ঘটে, যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী ও শিল্পীদের প্রাণহানি ঘটে। দুর্ভাগ্যবশত, এ ধরনের ঘটনাগুলো প্রায়ই ধামাচাপা দেওয়া হয় এবং দোষী ব্যক্তিদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সে পরিপ্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষী ব্যক্তিদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।” শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছে সংগঠনটি।
সংবাদ প্রতিদিন অবলম্বনে






