আলফা এবং জেন–জি প্রজন্মের ছেলেরা এখন সোজা চুল কৃত্রিমভাবে কোঁকড়া করে নতুন লুক তৈরি করছেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অনুকরণে এই ধারা জনপ্রিয় হয়ে উঠেছে।

আগে তরুণেরা খেলোয়াড় বা অভিনেতাদের চুলের স্টাইল কপি করত। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সেই জায়গা দখল করেছেন। তারা ফ্যাশন আইকন না হয়ে পছন্দের ব্যক্তি হিসেবে তরুণদের প্রভাবিত করছেন। ফলে আলফা, জেন–জিদের মধ্যে কোঁকড়া চুলের প্রচলন বেড়েছে।

কোঁকড়া চুল সব ধরনের মুখের গঠনেই মানায়, বিশেষ করে গোল বা ডিম্বাকৃতির মুখে। লম্বাটে মুখ বা স্পষ্ট চোয়ালের রেখা (শার্প জ লাইন) থাকলেও এটি ভালো যায়। লম্বা মুখের ক্ষেত্রে সব চুল কোঁকড়া না করে কিছু অংশে করলে সুন্দর লাগে।

চুলের দৈর্ঘ্য অনুযায়ী কাট বেছে নিতে হয়। ছোট চুলে দুই পাশে ফেড করে কাটলে সুন্দর হয়, সঙ্গে চাপদাড়ি মানায়। লম্বা চুলে লেয়ারিং করে কাটতে হয়। পেছনের চুল ছোট রেখে সামনের কানের ওপর জুলফি রাখলে ভারসাম্য তৈরি হয়। প্রাকৃতিক কালো রঙেই কোঁকড়া চুল সবচেয়ে ভালো লাগে। তবে গায়ের রঙের সঙ্গে মিলিয়ে চুলে রং করা যায়।

বাড়িতে অস্থায়ীভাবে চুল কোঁকড়া করতে কার্লিং মেশিন ব্যবহার করা যায়। এটি শ্যাম্পু করলেই চলে যায়, চুল সোজা করার যন্ত্রের মতোই এর ব্যবহার। কিন্তু লম্বা সময়ের জন্য কোঁকড়া করতে দক্ষ কসমেটোলজিস্টের সাহায্য নিতে হয়। এতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার হয়, যা মাথার ত্বকের জন্য ক্ষতিকর এবং বাড়িতে নিজে করা ঝুঁকিপূর্ণ।

কসমেটোলজিস্ট শোভন সাহা জানালেন, কৃত্রিমভাবে চুল কোঁকড়া করলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হয়। ঠিকভাবে যত্ন নিলে এটি আরও দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব।

কোঁকড়ানো চুল সোজাভাবে আঁচড়ানো যায় না, হাত দিয়ে রিং করে সেট করতে হয়। ঘন ঘন ব্রাশ করলে কোঁকড়া ভাব চলে যায় এবং চুল ঢেউখেলানো (ওয়েভি) হয়ে যায়। এতে প্রচুর ধুলাবালু আটকে। তাই প্রতিদিন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হয়। শুকানোর সময় ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লো-ড্রাই না করা উচিত, চুল সিল্কি বা স্ট্রেট করা সিরামও এড়াতে হবে।

চুল কোঁকড়া করার আগে কয়েকটি বিষয় ভেবে নিন। কৃত্রিম কোঁকড়াতে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে, রাসায়নিক মাথার ত্বকে লাগলে চুল পড়ে। কোঁকড়া করতে অন্তত ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা চুল লাগে, এছাড়া চুল ভাঙতে পারে। গরম বা আর্দ্র আবহাওয়ায় এটি অস্বস্তিকর, ঘামে ঠান্ডা লাগা বা খুশকি হতে পারে। তাই ঘেমে গেলে ঠান্ডা বাতাসে চুল শুকিয়ে নিন।