একটি সুন্দর ভবন বা বাড়ি কেবল আশ্রয় বা সৌন্দর্যপূর্ণ পরিবেশই প্রদান করে না, বরং এটি আমাদের জীবনযাপন, চিন্তাভাবনা, কাজকর্ম এবং পারস্পরিক সম্পর্কের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আমরা প্রায়ই এই প্রভাবটি উপলব্ধি করতে পারি না। নান্দনিক স্থাপত্য আমাদের দৈনন্দিন অভ্যাস, চিন্তার ধরন এবং সামাজিক সম্পর্কের প্রকাশে বড় ভূমিকা পালন করতে সক্ষম।

এই ধারণা মানুষের মনে আরও গভীরভাবে ছড়িয়ে দিতে ইতালির দূতাবাস ৩০ মার্চ দুপুরে ঢাকায় ইতালিয়ান ডিজাইন ডে আয়োজন করে। এই অনুষ্ঠানে ডিজাইন ও স্থাপত্যের নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। ইতালি ও বাংলাদেশের ইতিহাস, পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য বিষয়ে বিশেষ আলোচনা হয়। আয়োজকদের মতে, এই অভিজ্ঞতা দুই দেশের মধ্যে জ্ঞান ও সৃজনশীলতার বিনিময়কে আরও মজবুত করবে।

এবার ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় খ্যাতিমান ইতালীয় স্থপতি ও ডিজাইনার ফেবিও নভেমব্রেকে ইতালিয়ান ডিজাইনের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছেন। তিনি ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থাপত্য ভবন এবং অন্দরসাজের প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া, এবারের ইতালিয়ান ডের-এর প্রতিপাদ্য ‘রি-ডিজাইন: স্থান, বস্তু, ধারণা ও সম্পর্ক পুনর্গঠন’ নিয়ে বিভিন্ন আলোচনা ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

ঢাকা সফরকালে তিনি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইশো, ডেকো, ইইউডিবি অ্যাকসেসরিজ এবং ডিবিএল সিরামিকসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়া ইতালীয় নকশায় নির্মিত ঢাকার কিছু ভবনও ঘুরে দেখবেন। আয়োজকদের বিশ্বাস, এর ফলে ইতালি ও বাংলাদেশের মধ্যে ডিজাইন ও স্থাপত্যসংক্রান্ত সহযোগিতা ও জ্ঞানবিনিময় আরও দৃঢ় হবে।