কাপুর পরিবারে আবারও আনন্দের সঞ্চার হয়েছে। অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। ২০২২ সালে তিনি প্রথম পুত্রসন্তানের জন্ম দেন। ২০২৫ সালের নভেম্বরে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বার সুখবর জানান নায়িকা। এবারও পুত্রসন্তানের মা হয়েছেন সোনম। গতকালই দ্বিতীয় ছেলের জন্ম হয়। পরবর্তীকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেন তিনি।

সোনম ও স্বামী আনন্দ আহুজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে আমরা জানাতে পেরে ভীষণ আনন্দিত যে ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। আমাদের পরিবার আরও বড় হলো, আর তার আগমনে আমাদের জীবনে নেমে এসেছে এক অপার সুখের আলো। বড় ভাই হিসেবে ছোট ভাইকে স্বাগত জানাতে দারুণ উচ্ছ্বসিত বায়ু কাপুর আহুজা। এই ছোট্ট প্রাণ আমাদের ঘর ভরে দিয়েছে আনন্দ আর ভালোবাসায়। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা সত্যিই ধন্য।’

সুখবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তারকাদের থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কারিনা কাপুর, কাজল আগরওয়াল, দিয়া মির্জা, হুমা কুরেশি, অনুরাগ কশ্যপ, বাণী কাপুরসহ অনেকেই মন্তব্যে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। ২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের আগে তারা আট বছর প্রেম করেছিলেন। এরপর লন্ডনে সংসার পাতেন তাঁরা। তবে বড় ছেলে বায়ুর জন্মের পর বেশিরভাগ সময় মুম্বাইয়ে বা দিল্লির শ্বশুরবাড়িতে থাকেন অভিনেত্রী।

মাঝেমধ্যে বেবি বাম্পের ফটোশুট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনম। বড় ছেলের বয়স এখন তিন বছর হলেও সন্তানের মুখ এখনো প্রকাশ্যে দেখাননি তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি একই নিয়ম মেনে চলবেন, নাকি দুই ছেলেকে একসঙ্গে প্রকাশ করবেন—সেটাই এখন দেখার বিষয়।

প্রথম সন্তানের জন্মের পর থেকে অভিনয়জগত থেকে দূরে রয়েছেন সোনম। তাঁকে শেষ দেখা যায় ২০২৩ সালের ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ। প্রথম অন্তঃসত্ত্বার আগেই সেই ছবির শুটিং শেষ করেছিলেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে