চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে এসপিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ভর্তি করা হয়।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।"

সিরাজুল ইসলাম আরও জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করেন। এরপর তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।