ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে দ্রুতগতির মালবাহী ট্রাক কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ওমর ফারুক (৩৬)। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ডোমন পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। ঘটনায় তাঁর সহকারী গুরুতর আহত হন। তবে তাঁর নাম ও পরিচয় পুলিশ জানাতে পারেনি।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। রামপুর নাসির উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে স্থাপিত কাভার্ড ভ্যানের পেছনে এটি সজোরে ধাক্কা দেয়। ফলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও সহকারীকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সহকারী বর্তমানে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানতে চাইলে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।