মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের অংশ হিসেবে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি সভা হয়। সভায় আলোচক ছিলেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার। তিনি ‘সন্তানের বয়ঃসন্ধিকাল: অভিভাবকের সচেতনতা’ বিষয়ে আলোচনা করেন। এই আলোচনা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।
সভায় সন্তানের বয়ঃসন্ধিকাল নিয়ে কথা বলতে গিয়ে ডা. মেখলা সরকার বলেন, ‘সন্তানের বয়স দশ পেরোলেই আদরের শান্ত সন্তানটি যেন হুট করেই বদলে যেতে শুরু করে। আগে যে শিশুটি মা-বাবার প্রতিটি কথা মেনে নিত, এখন সেই কিশোরটিই ছোট ছোট বিষয়ে তর্ক করছে, আলাদা রুম বা ব্যক্তিগত সময় (প্রাইভেসি) চাইছে। অনেক সময় বন্ধুদের সাথে ঝগড়া বা তর্কে জড়িয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সন্তানের এই আকস্মিক পরিবর্তন দেখে অধিকাংশ মা-বাবাই ঘাবড়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করেন অতিরিক্ত শাসন। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, এই অতিরিক্ত নিয়ন্ত্রণই সন্তান ও মা-বাবার মধ্যে তৈরি করছে যোজন যোজন দূরত্ব।






