মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম ইছাছড়া খাসিয়াপুঞ্জিতে দুর্বৃত্তরা চাষি অনন্তর সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে। (ক্ষুদ্র জাতিগোষ্ঠী খাসিয়াদের গ্রামকে স্থানীয়ভাবে পুঞ্জি বলা হয়) ক্ষতিগ্রস্ত অনন্ত গতকাল রোববার সন্ধ্যার দিকে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও পুঞ্জির বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইছাছড়া পুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৬টি পরিবার বাস করে। এসব পরিবারের একমাত্র জীবিকা পান চাষ। টিলাভূমিতে প্রতিটি পরিবারের আলাদা পান চাষের জমি রয়েছে। অনন্তর জমিতে প্রায় দেড় হাজার পানগাছ ছিল। গতকাল রোববার সকালের দিকে জমিতে গিয়ে তিনি দেখেন সহস্রাধিক পানগাছের গোড়া কাটা। এরপর তিনি পুঞ্জির অন্যান্য সদস্য ও স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান।

বিকেলে থানায় গিয়ে অনন্ত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় পানচাষি অনন্তর আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি দাবি করেন, তাঁর সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ নেই।

পুঞ্জির সহকারী মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জামাল মার্লিয়ার বলেন, কয়েক বছর ধরে প্রায়ই পুঞ্জিতে এ রকম ঘটনা ঘটছে। কে বা কারা কী উদ্দেশে এ কাজ করেন, তাঁরা তা বুঝতে পারছেন না। পুলিশের তদন্তে এ তথ্য বেরিয়ে আসতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান গতকাল রাতে মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।