র‍্যাপার বাদশা বারবার বিতর্কের চোখে পড়ছেন তাঁর গানের কথা ও দৃশ্যায়নের কারণে। সাম্প্রতিককালে মুক্তি পাওয়া ‘টাটিরি’ গানের ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপন করায় আবার তিনি সমালোচনার ঝড়ের মুখে। গানের চটুল কথা ও দৃশ্যায়ন নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে অনলাইনে, ফলে বাদশার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। হরিয়ানা নারী কমিশনও তাঁকে তলব করেছিল। এই বিতর্কের মধ্যে হরিয়ানা পুলিশ এবার কড়া ব্যবস্থা নিয়েছে।

১ মার্চ বাদশা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টাটিরি’ গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেন। প্রথমে অনুরাগীরা উল্লাস প্রকাশ করলেও, কয়েকদিনের মধ্যে নিন্দার ঢেউ উঠে পড়ে। গানের কথা ও ভিডিওতে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে দেখানোর অভিযোগে শ্রোতারা ক্ষেপে উঠেছেন। ভিডিওর শুরুতেই স্কুলের ছাত্রীরা কাঁধের ব্যাগ নামিয়ে অশালীন অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায়, পটভূমিতে চটুল গানের কথা। এসব যৌন ইঙ্গিতমূলক উপাদান নিয়ে হরিয়ানা নারী কমিশন পুলিশের দ্বারস্থ হয়। অন্যদিকে, মুলায়েম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে চিঠি লিখে সংশ্লিষ্ট রাজ্যে বাদশার ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানান। এই প্রেক্ষাপটে হরিয়ানা পুলিশ কড়া পদক্ষেপ নেয়।

হরিয়ানা পুলিশের ডিজিপি অজয় সিংঘল জানিয়েছেন, “নারী ও নাবালিকাদের মর্যাদা ক্ষুণ্ন করে এহেন কনটেন্টের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতির পক্ষে হাঁটব। কাউকে ছাড় দেওয়া হবে না।”

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্ম থেকে ‘টাটিরি’ গানের লিংক সরানো হয়েছে। পঞ্চকুলা পুলিশ জানায়, এখন পর্যন্ত ৮৫৭টি কনটেন্ট মুছে ফেলা হয়েছে; যার মধ্যে ১৫৪টি ইউটিউব ভিডিও ও ৭০৩টি ইনস্টাগ্রাম রিল। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যোগাযোগ করে লিংক অপসারণ করা হয়েছে।

এছাড়া, গানটি আর প্রচার না হয় সেজন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর কড়া নজরদারি চলছে বলে জানিয়েছেন তিনি। হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০–এর সাইবার ক্রাইম শাখায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর দাবি, গানে নারীদের অশালীন ও অসম্মানজনকভাবে দেখানো হয়েছে। স্কুলের পোশাকে ছাত্রীদের এমন নাচ ও অঙ্গভঙ্গি বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা দেবে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে