রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘দম’ দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের পছন্দে রয়েছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যে অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে। আজ শনিবার জানা গেছে, এবার যুক্তরাষ্ট্রেও ছবিটি মুক্তি পাবে। আগামী ১০ এপ্রিল থেকে নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে এটি মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটির মুক্তি হবে। এই খবর নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।
ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ দর্শকদের মন জয় করেছে। ছবির প্রায় প্রতিটি শো হাউসফুল হচ্ছে। দেশে এতটা চাহিদা থাকায় ছবিটি বিদেশের হলে একের পর এক মুক্তি পাচ্ছে।
এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী শুক্রবার ১০ এপ্রিল নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারসহ ‘দম’ মুক্তি পাবে। এই দুই শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ছবিটি মুক্তি পাবে। রাজ হামিদ বলেন, “উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকেরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। এটি হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালোবাসায় এত দূর আসা।”
নির্মাতা রেদওয়ান রনি বলেন, “একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকেরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এর সঙ্গে নিজেদের আবেগ মেলাতে পারবেন। গল্পটি আমরা এমন করে দেখাতে চেয়েছি, যেন মনে হয় এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।” ‘দম’ মুক্তির মাধ্যমে ১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির সিনেমা নির্মাণে ফিরলেন।
যুক্তরাষ্ট্রের পরিবেশক প্রতিষ্ঠানের মতে, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা এবং পূজা চেরীর মতো প্রতিভাবান নায়িকার উপস্থিতি এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।






