‘যে সিনেমার টিকিট আছে, সেটাই দেন।’ পছন্দের তালিকার প্রথম দুই সিনেমার একটিরও টিকিট না পেয়ে বললেন বেসরকারি চাকরিজীবী সাজিদ হোসেন। গতকাল শনিবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় এমন দৃশ্য দেখা গেছে। তাঁর মতো অনেকেই দীর্ঘক্ষণ কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পছন্দের সিনেমার টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা—রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’, মেহেদী হাসানের ‘রাক্ষস’ ও রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। এসব ছবিতে শাকিব খান, আফরান নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরের মতো বড় তারকাদের অভিনয় দেখা গেছে। মুক্তির পর থেকে দর্শকদের আগ্রহ স্পষ্ট, প্রথম সপ্তাহ পার করেও দ্বিতীয় সপ্তাহে টিকিট মিলছে না। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও এসব ছবি মুক্তি পাচ্ছে। আসুন জেনে নিই ঈদের দ্বিতীয় সপ্তাহে সিনেমাগুলোর অবস্থা।

টিকিট নেই
ঈদে সবচেয়ে বেশি ১৩৩ হলে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবিটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। সিঙ্গেল স্ক্রিনের সিংহভাগ হল ছবিটির দখলে ছিল। নির্মাতাসূত্রে জানা গেছে, মুক্তির আগেই অগ্রিম বুকিং ও রেন্টাল থেকে কয়েক কোটি টাকা আয় করেছে সিনেমাটি। সিনেপ্লেক্সে প্রদর্শনের শুরুতে কিছুটা জটিলতা হয়েছিল। ডিসিপি জটিলতার কারণে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন কোনো শো সম্ভব হয়নি। সমস্যা সমাধানের পর সব টিকিট মুহূর্তেই শেষ হয়ে যায়। দ্বিতীয় সপ্তাহে দুটি হল বেড়ে এখন ১৩৫টি হলে চলছে ‘প্রিন্স’। মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২০টি, লায়ন সিনেমাসে ৩টি ও ব্লকবাস্টার সিনেমায় ৪টি করে শো পেয়েছে। শুক্র ও শনিবার ছুটির দিনে মাল্টিপ্লেক্সে সব শো হাউসফুল হয়েছে।

ঈদে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ও মেহেদী হাসানের ‘রাক্ষস’। আর রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ একটি সিঙ্গেল স্ক্রিনের সঙ্গে সব মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকেই টিকিটের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে, তবে অনেকেই হতাশায় ফিরেছেন। বিশেষ করে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর টিকিট দ্বিতীয় সপ্তাহেও মিলছে না। ‘দম’-এ আফরান নিশো, চঞ্চল চৌধুরী থেকে পূজা চেরীর মতো তারকারা অভিনয় করেছেন। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও চাহিদা কমেনি। স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় সর্বোচ্চ ২২টি, লায়ন সিনেমাসে ৪টি, ব্লকবাস্টার সিনেমাসে ৫টি করে শো চলছে।

প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’-এর টিকিট মিলছে না। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পেয়েছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই তারকানির্ভর ছবিতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মমসহ অনেকে অভিনয় করেছেন। পারিবারিক দর্শকদের আগ্রহ স্পষ্ট।

‘তুফান’, ‘তাণ্ডব’-এর পর ভিন্ন পথে হেঁটেছেন রায়হান রাফী। এবারের ঈদে তিনি নারীপ্রধান গল্পের ‘প্রেশার কুকার’ এনেছেন। তুলনামূলক কম বাজেটের এই ছবিতেও দর্শকের প্রবল আগ্রহ। প্রথম সপ্তাহে ১০টি হল থেকে শুরু করে দ্বিতীয় সপ্তাহে ১১টি হলে চলছে। স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় ৯টি, ব্লকবাস্টার সিনেমাসে ২টি ও লায়ন সিনেমাসে ১টি শো চলছে। প্রথম দিন থেকে প্রায় প্রতিটি শো হাউসফুল। শবনম বুবলী, নাজিফা তুষির সঙ্গে তরুণ অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত অভিনয় করেছেন।

অভিষেক সিনেমা ‘বরবাদ’ দিয়ে চমক দিয়েছিলেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। সিয়াম আহমেদকে নিয়ে তিনি বানিয়েছেন ‘রাক্ষস’। এই ছবিও দর্শকের পজিটিভ রিভিউ পাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ১৫টি, ব্লকবাস্টার সিনেমাসে ৪টি ও লায়ন সিনেমাসে ৪টি শো চলছে।

বিদেশে মুক্তি
ঈদের ছবিগুলো আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে। ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে ‘দম’। ২৭ মার্চ সিডনির হয়টস ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টায় প্রথম প্রদর্শনী হয়। গতকাল অ্যাডিলেডের প্রসপেক্ট ও আজ মেলবোর্নের ভিলেজ ওয়েরিবি হলে প্রদর্শনী আছে। আগামী ৩ এপ্রিল থেকে সিডনির ক্যাম্পবেলটাউন, ব্ল্যাকটাউন, ব্যাংকসটাউন; মেলবোর্নের ওয়েরিবি ও চ্যাডস্টোন; ব্রিসবেনের সানিব্যাংক; ক্যানবেরার বেলকোনেন এবং অ্যাডিলেডের প্রসপেক্ট হলে প্রদর্শনী রয়েছে।

১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস এবং ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর ও কানাডায় মুক্তি পাবে ‘দম’। যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশক বায়োস্কোপ ফিল্মস।

অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। ২৭ মার্চ সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টায় প্রথম প্রদর্শনী হয়। একই সঙ্গে মেলবোর্নের ওয়েরিবি হলে রাত সাড়ে ৮টায় আরেক প্রদর্শনী হয়েছে। গতকাল এই হলে বেলা ৩টায়, রাত ৯টা ২০ মিনিটে সিডনির ব্ল্যাকটাউন ও মেলবোর্নের চ্যাডস্টোন হলে প্রদর্শনী হয়েছে। আজ ৫টি হলে প্রদর্শনী রয়েছে। ৩, ৪ ও ৫ এপ্রিল আরও ১২টি শো রয়েছে।

অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর পরিবেশক বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম মান্নান বলেন, ‘‘‘দম’’ আর ‘‘বনলতা এক্সপ্রেস’’ মে পর্যন্ত এখানে চলবে বলে আশা রাখি। বিদেশে তো সপ্তাহজুড়ে দর্শক পাওয়া যায় না, সাধারণত ছুটির দিনগুলোয় শো রাখা হচ্ছে। এর বাইরে বেশ কয়েকটি প্রাইভেট স্ক্রিনিংও রয়েছে।’’ ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। সেখানে পরিবেশনার দায়িত্বে স্বপ্ন স্কেয়ারক্রো।

১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি ও জার্মানিতে মুক্তি পাবে ‘প্রিন্স’। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, পর্যায়ক্রমে ইউরোপের অন্যান্য দেশেও ছবিটি মুক্তি পাবে। আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি ও যুক্তরাজ্যে ‘রাক্ষস’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মেহেদী হাসান।

‘প্রেশার কুকার’ দেশের বাইরে এপ্রিলের মাঝামাঝি মুক্তি পাবে। রায়হান রাফী জানিয়েছেন, অনেক দেশ থেকেই প্রস্তাব এসেছে। তবে শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশে মুক্তি পাবে। পরে বিশ্বের কয়েকটি চলচ্চিত্র উৎসবেও ছবিটি জমা দেওয়া হবে।