সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকায় একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের উঁচু সীমানাপ্রাচীরের ভেতর আটকে পড়েছিল একটি কুকুর। চারপাশে পাকা দেওয়ালে ঘেরা এবং ফটক তালাবদ্ধ স্থানে তিন দিন ধরে খাবার ছাড়া অসহায় অবস্থায় ছিল প্রাণীটি।

এলাকার যুবক মোবারক হোসেন কুকুরটির এমন অবস্থা দেখে গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের সঙ্গে যোগাযোগ করেন। ওসি একটি ভিডিও ফুটেজ দেখে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের জওয়ানরা সেখানে গিয়ে রাত সাড়ে আটটার দিকে কুকুরটিকে উদ্ধার করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, বড়পাড়া এলাকার পৌর প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই বেসরকারি মোবাইল ফোন কোম্পানির টাওয়ারটি উঁচু দেওয়ালে ঘেরা। সেখানে কোম্পানির কেউ ছিল না। তিন দিন আগে কুকুরটি সীমানাপ্রাচীরের ভিতর ঢুকে পড়ে বের হতে পারেনি। শুধু একটি ফাঁক দিয়ে মাথা বের করে রেখেছিল। মোবারক হোসেন কুকুরটির অবস্থা দেখে ওসি রতন শেখকে জানান। তিনি ভিডিও নিয়ে ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন এবং কর্মীদের নিয়ে স্থানে যান। কোম্পানির কাউকে না পেয়ে ফটকের তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করেন।

মোবারক হোসেন বলেন, ‘সীমানাপ্রাচীরটি বেশ উঁচ। এর ভেতরে কুকুরটি কীভাবে ঢুকল, বুঝতে পারছি না।’ তাঁর এক আত্মীয় কুকুরটির অবস্থা দেখালে তিনি থানায় খবর দেন। মোবারক আরও বলেন, ‘থানার ওসি সাহেব তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে কুকুরটি উদ্ধার করেছেন। তাঁর এমন মানবিকতায় আমরা খুশি।’

ওসি রতন শেখ বলেন, ‘ওই প্রাচীরের ভেতরে পানি ছিল। একটু শুকনা জায়গায় কুকুরটি দাঁড়িয়ে দেয়ালের ফাঁক দিয়ে কেবল মাথাটি বের করে রেখেছিল। আমরা ওই প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে তালা ভেঙে কুকুরটিকে উদ্ধার করেছি।’