নারায়ণগঞ্জের পূর্ব ইসদাইরে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী কলেজের এক প্রভাষককে ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয় স্কুল-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফারজানা আফরোজ নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। আজ সকালে ছেলে মোবাশ্বির হককে অক্টো অফিস এলাকার ব্রাইট স্কলার মাদ্রাসাতুল ওহিতে পৌঁছে দিয়ে রিকশায় বাড়ি ফেরার সময় তিনি ছিনতাইয়ের শিকার হন।

ফারজানা আফরোজ মুক্তকণ্ঠকে বলেন, পূর্ব ইসদাইর এলাকায় পৌঁছানোর পর একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাঁর রিকশার গতি রোধ করে। এরপর মোটরসাইকেল থেকে নেমে দুই ছিনতাইকারী চাপাতি গলায় ঠেকিয়ে তাঁকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা একটি মুঠোফোন, একটি পার্স ও দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মুক্তকণ্ঠকে জানান, ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সর্বশেষ ৯ মার্চ খোদ শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লুৎফর রহমানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।