ঈদের ছুটি শেষে দোকান খোলার তাড়ায় ব্যস্ত ছিলেন বিপণিবিতানের দোকানিরা। এমন সময় এক তরুণ ঢুকে পড়েন সেখানে। সিঁড়িতে থাকা দোকানিদের ধাক্কা খাইয়ে ছয়তলার ছাদে উঠে যান তিনি। তারপর ছাদ থেকে লাফিয়ে পড়েন।

আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার গুলজার টাওয়ারে ঘটে এ ঘটনা। আহত অবস্থায় তরুণটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও দোকানিদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, ঈদের পর আজই বিপণিবিতানটি খুলেছে। হঠাৎ ছাদে উঠে লাফ দেন ওই ব্যক্তি। দোকানিরা আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তরুণটিকে হাসপাতালে আনা হয়। তাঁকে নিউরো সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। আনুমানিক বয়স ২১ থেকে ২২ বছর।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের খান মুক্তকণ্ঠকে বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং থানার একজন উপপরিদর্শক (এসআই) হাসপাতালে রয়েছেন। পরিচয় নিশ্চিত হলে বিস্তারিত জানানো যাবে।