মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করবেন কাসেমিরো। গত জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ক্লাব ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছিল ইংলিশ ক্লাবটি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা কাসেমিরোর চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুন মাসে। ইউনাইটেড তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

ইউনাইটেড ছাড়ার খবর প্রকাশের পর থেকে কাসেমিরোর পরবর্তী গন্তব্য নিয়ে চলছে আলোচনা। এর মধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস চমকপ্রদ এক খবর প্রকাশ করেছে।

এএস-এর তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী কাসেমিরোর গন্তব্য হতে পারে মেজর লিগ সকার (এমএলএস)। সেখানে ইন্টার মায়ামিতে তিনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে জুটি গড়তে পারেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্টার মায়ামিতে যোগদানের বিষয়ে কাসেমিরো নিজেও ইতিবাচক অবস্থানে রয়েছেন। কাসেমিরো নাকি ‘বুড়ো’, তা এখন কী বলবেন?

এএস-এর তথ্যানুযায়ী, কাসেমিরোর জন্য আর্থিকভাবে লোভনীয় প্রস্তাব এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর থেকেও। তবে রিয়াল মাদ্রিদে তিনি রোনালদোর সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা রাখেন।

তবু কাসেমিরো শেষপর্যন্ত হয়তো মায়ামিকেই পছন্দ করবেন। সম্প্রতি তিনি মায়ামিতে একটি বাড়ি কিনেছেন, যা তাঁর এমএলএস-এ যাওয়ার সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, মায়ামি তাঁকে দিয়ে সের্হিও বুসকেতসের শূন্যস্থান পূরণ করতে চায়। কাসেমিরোকে যেভাবে ‘নির্ঘুম রাত’ উপহার দিচ্ছে ইউনাইটেড।

রিয়াল থেকে ইউনাইটেডে আসার পর তিনি ক্লাবের মিডফিল্ডের ভরসার স্তম্ভ হয়ে উঠেছেন। ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত একটি এফএ কাপ এবং একটি লিগ কাপ জিতেছেন তিনি। ইউনাইটেড অধ্যায় শেষ করে এই সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার পরবর্তী গন্তব্য হিসেবে মায়ামি বেছে নেবেন কি না, তা দেখার অপেক্ষা এখন।