জ্বালানি তেলের ব্যবহারে ৫০ শতাংশ সাশ্রয়ের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সব স্তরের কর্মকর্তাদের অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি যথাসম্ভব বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে দপ্তরিক কার্যক্রম চালানোর উদ্যোগও নিয়েছে। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিকেএসএফ বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সব প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

সিদ্ধান্ত অনুসারে, পিকেএসএফের সব পর্যায়ের কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার বাইরে দপ্তরিক কাজে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করবেন। এছাড়া অফিস ভবনে সীমিত মাত্রায় এয়ারকন্ডিশনার (এসি) ব্যবহার এবং বিদ্যুৎ খরচে সংযম অবলম্বনের নির্দেশও দেওয়া হয়েছে।