পশ্চিমবঙ্গের সুপরিচিত অভিনেতা রাহুল অরুণোদয় আর নেই। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ।
জানা গেছে, ৪৩ বছর বয়সী এই অভিনেতা ধারাবাহিকের শুটিংয়ের সময় দিঘার তালসারিতে পানিতে নামেন। সেখানে তিনি তলিয়ে যান। টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তথ্যমতে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
রাহুলের জন্ম ১৯৮৩ সালের ১৬ অক্টোবর। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তার প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় তাকে সমানভাবে দেখা গেছে।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।
রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকা শুরু করেন এবং পরে বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি রাহুল ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেন, যা বেশ আলোচিত হয়েছে।






