কুমিল্লায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে একই পরিবারের তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও দুজন। আজ রাত সাড়ে আটটার দিকে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন মুক্তকণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হতাহত পরিবারের সদস্যদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বলে জানিয়েছেন ওসি আবদুল মমিন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টারলাইন পরিবহনের একটি বাস ও প্রাইভেট কার চট্টগ্রামমুখী লেনে ছিল। সন্ধ্যা ছয়টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুত গতিতে বাসটি এসে প্রাইভেট কারটির ডান দিকে জোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। প্রাইভেট কারের যাত্রী দুই শিশুসহ পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবা, তাঁর ছেলে এবং মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ওই ব্যক্তির স্ত্রী এবং আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

রাত সাড়ে আটটার দিকে ওসি আবদুল মমিন বলেন, প্রাইভেট কারে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। মরদেহ থানায় আনা হচ্ছে এবং তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, চালক ছাড়া হতাহত ব্যক্তিরা সবাই একই পরিবারের। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।