রাজধানীর গুলশানের শাহজাদপুর সড়ক থেকে আজ সোমবার ভোরে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ৫০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার আজ মুক্তকণ্ঠকে বলেন, আজ ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর সুবাস্ত নগর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে প্রগতি সরণির ওপর রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়। তাঁর পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ।

প্রাথমিক তদন্তে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর ৪টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ি বা কোনো যানবাহনের ধাক্কায় আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই নারী।