পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “অধ্যক্ষ শামছুল হক ফাউন্ডেশন”। অসহায় ও হতদরিদ্র প্রায় দুই হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগির এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের বাজলা স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। তিনি প্রয়াত জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সন্তান হিসেবে তাঁর বাবার আদর্শকে ধারণ করে এ মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, আটা, চিনি, সেমাই, তেল ও গুঁড়া দুধ। উপহার পেয়ে বিভিন্ন এলাকার উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোক্তাদুল হক আদনান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা সময়কাল থেকেই জয়পুরহাটের মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে “অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশন” ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক খাতে কাজ করে যাবে।

এ উদ্যোগ জয়পুরহাটবাসীর মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে।