শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষি উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা শক্তিশালী করতে দেশজুড়ে নদী, নালা ও খাল খননের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আবারও জাতীয় পর্যায়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার মুরালী ভাবকি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বিএনপি সরকার সারাদেশে নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে। এর লক্ষ্য হলো জলাবদ্ধতা দূর করা, কৃষি সেচব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
তিনি বলেন, খাল খনন কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের অনেক আলুক্ষেত পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার শুষ্ক মৌসুমে কৃষকদের সেচের পানির সংকট দেখা দেয়। খালটি খনন সম্পন্ন হলে বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার করে সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এতে কৃষকদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
তিনি আরও জানান, খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে ফলদ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে, যা পরিবেশ সংরক্ষণ এবং দেশের অর্থনৈতিক সম্পদ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করেছে। পাশাপাশি ইমাম, মোয়াজ্জেম, খতিব এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা প্রদান শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগ পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সদ্য ঘোষিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার হারাইল, ঘোলাগাড়া, রত্নাহার ও মুরালী ভাবকি খাল মিলিয়ে মোট ১৫ হাজার ৩১০ মিটার খাল খননের জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে কালাই উপজেলার মুরালী ভাবকি খালের ২ হাজার ৮০০ মিটার খনন কাজের জন্য প্রায় ৫৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। খনন কার্যক্রমের তদারকি করবে পানি উন্নয়ন বোর্ড।






