ডিপো থেকে দুদিন সাপ্তাহিক বন্ধের পর গতকাল তেল সরবরাহ শুরু।
পরিস্থিতি সম্পর্কে জানাতে গতকাল বিপিসিতে যান কয়েকটি শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা।
জ্বালানি সাশ্রয়ে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি।
জ্বালানি তেল কিনতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে গতকাল রোববারও যানবাহনচালকদের দীর্ঘ লাইন ছিল। সকালে অনেক ফিলিং স্টেশনে তেল ছিল না। দুপুরের পরে সেগুলোতে তেল আসার পর বিক্রি শুরু হয়।
মুক্তকণ্ঠের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, ঢাকার বাইরেও তেলের জন্য যানবাহনচালকদের লাইন ধরতে হচ্ছে। মানুষ ক্ষোভ প্রকাশ করছে। তেল না পেয়ে বচসার ঘটনা ঘটছে।
সহজে প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় বড় শিল্পগোষ্ঠীগুলোও বিপাকে পড়েছে। তারা বলছে, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় উৎপাদন ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে যেসব শিল্পকারখানায় গ্যাস–সংযোগ নেই, সেগুলো বয়লার ও জেনারেটরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে জ্বালানি তেল না পেয়ে এসব কারখানার উৎপাদন কার্যক্রম আগের মতো চালানো যাচ্ছে না।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে গতকাল কয়েকটি শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা গতকাল বিপিসির কার্যালয়ে যান। একটি শিল্পগোষ্ঠীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের জন্য তিন হাজারের বেশি ট্রাক রয়েছে। এসব ট্রাক পরিচালনায় প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। কিন্তু ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে না।
.ঝিনাইদহে ফিলিং স্টেশনের ‘কর্মচারীদের পিটুনিতে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব আহমেদ (২২) নিহত হন গত শনিবার। সেদিন রাতেই দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা তিনটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। পরে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।
এমন পরিস্থিতিতে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে জ্বালানি তেলের স্থাপনা ও তেল পরিবহনে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে তেল–গ্যাসের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশে আতঙ্কিত মানুষ লাইন ধরে বেশি পরিমাণে তেল কিনছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গতকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কমিয়েছে। স্টেশনগুলো গত বছরের এই সময়ে যে পরিমাণ তেল নিয়েছিল, তার চেয়ে ২৫ শতাংশ কম দেওয়া হচ্ছে। সরকার বলছে, তেলের মজুত আছে। তবে সঞ্চয়ী হতে সরবরাহ কমানো হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিপিসির ডিপো বা মজুতাগার থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয় না। ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়তি চাহিদার কারণে বৃহস্পতিবার তেল শেষ হয়ে যায়। ফলে গত শুক্র ও শনিবার তারা তেল বিক্রি করতে পারেনি।
.ঢাকার মতিঝিলের করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে বেলা একটার সময় দেখা যায়, কোনো তেল বিক্রি হচ্ছে না। সামনে একটি বোর্ডে লেখা, ‘অকটেন, ডিজেল নেই।’ এই পাম্পের মালিক আবদুস সালাম বলেন, ‘গত বৃহস্পতিবার ডিপো থেকে আসা রিজার্ভের সব তেল বিক্রি করে শেষ করে ফেলেছি।’
কয়েকটি ফিলিং স্টেশনের মালিক ও ব্যবস্থাপকেরা বলছেন, বিপিসি থেকে চাহিদার তুলনায় তেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চাহিদা অনেক বেশি। ফলে গ্রাহকদের শান্ত রাখা কঠিন হবে। বিষয়টি নিয়ে পেট্রলপাম্প মালিক সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক মুক্তকণ্ঠকে বলেন, ২৫ শতাংশ সরবরাহ কমানোর পরও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু মানুষের চাহিদা যেন ২৫০ শতাংশ। ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন না করলে চালু রাখা কঠিন হবে।
.পুলিশ সদর দপ্তর থেকে গতকাল দুটি নির্দেশনা জারি করা হয়। একটিতে জ্বালানি স্থাপনার নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, তেল শোধনাগার, তেল ডিপো, পাম্প ও জ্বালানি সংরক্ষণাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে; জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি ও কালোবাজারি প্রতিরোধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে চোরাইভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে এবং এ ধরনের কার্যকলাপ শনাক্ত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরেকটি নির্দেশনায় তেলের ডিপো, রিফাইনারি ও সংরক্ষণাগার হতে জ্বালানি তেল পরিবহনকালে নিরাপত্তা জোরদার করা, তেলবাহী যানবাহনে নাশকতা, ছিনতাই বা বাধা ঠেকানো এবং জ্বালানি তেল চোরাচালান বা অবৈধভাবে ক্রয়-বিক্রয় প্রতিরোধে তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়।
এদিকে গতকাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেল মজুতের অভিযোগে রশিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যশোরের চৌগাছা উপজেলায় নিজাম স্টোরের মালিক নিজাম উদ্দিনকে প্রায় ছয় হাজার লিটার জ্বালানি তেল মজুত করে রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, প্রথম দিনের অভিযানে কয়েক হাজার টন অবৈধ মজুত পাওয়া গেছে গতকাল। অবৈধ মজুত বন্ধ করা গেলেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। এ ছাড়া আমদানি আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
.বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হবে ঈদের পর, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাপঞ্জিতে নির্ধারিত ছুটির সঙ্গে মিলিয়ে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে দেওয়া এই নির্দেশনাপত্রে এ বিষয়টি সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।
এদিকে বাসস জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ চালিয়ে যাবে।
জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে সমুদ্রে থাকা কয়েকটি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। গতকাল বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে এবং আরও একটি জাহাজ নোঙর করার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে মজুত আরও বাড়বে।
মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই। তাই দাম বাড়বে, এই আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত করা ঠিক হবে না।






