সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাসপুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত ওই তিনজন পুলিশের পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা দুইটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশের হেফাজতে থাকা তিনজন হলেন রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আছমত আলী, তরিকুল ইসলাম ও আশরাফ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের পাঁচ বিঘা আয়তনের খাসপুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কর্মী আছমত আলীর (৫০) সঙ্গে ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) দ্বন্দ্ব চলে আসছে। আগে আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে ইজারা নিয়ে মাছ চাষ করতেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। গতকাল সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তাঁর লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিক পক্ষের ইসমাইল হোসেন (৭০) ও আবদুস সালাম (৬০) মারা যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া মুক্তকণ্ঠকে বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে দুজনকে হত্যার ঘটনায় আছমত আলী ও তাঁর দুই সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁরা পুলিশি পাহারায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।






