ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবরটি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
ওসি এ কে এম আলমগীর জাহান মুক্তকণ্ঠকে বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।
কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।’এদিকে জানা গেছে, অভিনেতা জাহের আলভী বর্তমানে শুটিংয়ে নেপালে আছেন।






