চট্টগ্রামের মিরসরাইয়ে স্ক্র্যাপবোঝাই (পুরোনো লোহা) লরির নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নিজামপুর বাজারে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম নুরুল আমিন (৬৫)। তিনি উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে নুরুল আমিন মহাসড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় লরিটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক কামাল উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, নিহত ব্যক্তি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ওই ব্যক্তি বাসের সামনের দিকে থাকায় লরিচালক তাঁকে দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন।

জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন মুক্তকণ্ঠকে বলেন, ‘লরির চাপায় পিষ্ট হয়ে নুরুল আমিনের কোমরের নিচের অংশ থেঁতলে গেছে। দুর্ঘটনার কারণ স্পষ্ট হওয়ায় লাশ ময়নাতদন্ত করা হবে না। দুর্ঘটনার পর লরিটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’