সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল আমিন বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। ব্যক্তিগত কাজ শেষে কুমিল্লা থেকে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁকে বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। জানতে চাইলে তিনি মুক্তকণ্ঠকে বলেন, তাঁকে (নুরুল আমিন) বহনকারী গাড়ির সামনে পড়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সংসদ সদস্য নুরুল আমিন মাথায়, কপালে ও কোমরে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাঁকে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম শহরে নেওয়া হয়েছে।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক মুক্তকণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’
মিরসরাই উপজেলার ফেনী নদীর দক্ষিণ পাড়ঘেঁষা ওচমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাতাকোটে ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্ম নুরুল আমিনের। ১৯৯৮ সালে তিনি প্রথমবারের মতো ইউপি সদস্য পদে নির্বাচন করেন। নির্বাচনে জয়ী হয়ে ওই বছর প্রথমবারের মতো জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। পরে ২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জয়লাভ করেন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তবে তাঁকে সেই পদ থেকে অপসারণ করা হয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন।






