রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের মান উন্নয়নে বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে প্রায় ১৫০ জন অভিভাবক অংশ নেন। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলাম মাখনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এসএমসি কমিটির নবনির্বাচিত সভাপতি শফিকুল আলম ভোতা, চাঁপাইনবাবগঞ্জে মুক্তকণ্ঠের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গ্রাম্য মোড়ল সুরেন টুডু, অভিভাবকদের মধ্যে কল্পনা মুরমু, তামান্না খাতুন, মোতাহারা বেগম, আব্দুল কাদের, সাইদুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় এগিয়ে নিতে বিদ্যালয়ের ভূমিকা অনেক। একজন শিক্ষার্থী স্কুলে এসেই নানামুখী শিক্ষালাভ করে থাকে। আচার-আচরণ ভালো করতে পারে। সে বিনয়ী হতে পারে। ভালো মনের হতে পারে। আর এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে শিক্ষকগণ। তাই শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। তবে মনে রাখতে হবে যে, শিক্ষার্থীদের এগিয়ে নিতে অভিভাবক ও পরিবারের ভূমিকাও অনেক। সন্তানকে সকালের খাবার খাওয়ানোসহ তার পরিচ্ছন্নতা ও স্কুলের পোশাক-পরিচ্ছদের দিকে নজর রাখতে হবে মা-বাবাকেই। বই-খাতা-কলম ঠিকমতো গুছিয়ে স্কুলে পাঠানোর দায়িত্ব মায়েদেরই বেশি পালন করতে হয়। সকলের আন্তরিক প্রচেষ্টায় একটি শিশু এগিয়ে সক্ষম হবে।

সমাবেশে উপস্থিত এসএমসি কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকদের উপস্থিতিতে ২০২৬-২০২৭ সালের এসএমসি কমিটি গঠন করা হয়। এছাড়া বিদ্যালয়ের শৃঙ্খলা ও নারী হয়রানি প্রতিরোধ কমিটিও গঠন করা হয়। সকলের সম্মতিতে সদস্য নির্বাচন করা হয়। এসময় এসএমসি কমিটির নতুন সভাপতি শফিকুল আলম ভোতা বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ের উন্নয়নকল্পে নানা পরিকল্পনা ও সহযোগিতার আশ্বাস দেন।