মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারের শেষ সীমানা ও মৌলভীবাজারের প্রবেশমুখে শাহপুর সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ মুক্তকণ্ঠকে জানান, মৃত অবস্থায় ওই তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁদের লাশ হাসপাতালে রাখা আছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।