চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রানীহাটি ইউনিয়নে বিএনপির ২৫ জন নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দলটির জেলা প্রচার বিভাগ। গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ তথ্য জানানো হয়। সভায় যোগ দেওয়া ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করেন জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম।

জামায়াতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ইয়ার মোহাম্মদ, আমিরুল ইসলাম, আরিফ হোসেন, জোহর আলী, সোহেল ও আবদুল সালামসহ ২৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে দলটি।

তবে জামায়াতের দাবি অস্বীকার করেছে বিএনপি। সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রানীহাটি ইউপি চেয়ারম্যান মো. রহমত আলী বলেন, এটি একটি সাজানো নাটক। যাঁদের যোগদান দেখানো হয়েছে, তাঁদের কাউকেই কখনো বিএনপির রাজনীতিতে দেখা যায়নি। তাঁরা জামায়াতের নিজেদের লোক বলে অভিযোগ করেন তিনি।

রহমত আলীর দাবি, আসনটির বিএনপি প্রার্থী হারুনুর রশীদের বাড়ি রানীহাটি ইউনিয়নে হওয়ায় ভোটারদের বিভ্রান্ত করতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

এর প্রতিক্রিয়ায় জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, জামায়াতের পক্ষে ইতিবাচক প্রভাব পড়ায় বিএনপির লোকজন উদ্বিগ্ন হয়ে এসব বলছেন। জামায়াত নাটকের রাজনীতি করে না। যাঁরা যোগ দিয়েছেন, জনসমক্ষে দিয়েছেন।