ক্রিকেট বিশ্বে ফ্রি হিট দেখার অভিজ্ঞতা অনেকেরই আছে, তবে এবার দেখা গেল এক অদ্ভুত 'ফ্রি বল'। যেখানে ব্যাটার ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকবেন এবং বোলার সরাসরি ফাঁকা স্টাম্প ভেঙে দেওয়ার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মেয়েদের বিগ ব্যাশ লিগে এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল ক্রিকেট দুনিয়া। এই অদ্ভুত নিয়মের কবলে পড়ে বোল্ড হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন।

নারী বিগ ব্যাশ লিগের মেলবোর্ন রেনেগেডস এবং ব্রিসবেন হিটের মধ্যকার ম্যাচে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। মেলবোর্নের জাংশন ওভালে অনুষ্ঠিত ম্যাচে ব্রিসবেন হিটের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল রেনেগেডস। দলের ১৫তম ওভার চলাকালীন স্কোরবোর্ডে যখন ৯৭/৪ রান, ঠিক তখনই ব্যাটিংয়ে নামার কথা ছিল ডটিনের। তবে ক্রিজে পৌঁছাতে দেরি করে ফেলেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। আর এই বিলম্বের কারণেই তাঁকে ক্রিকেটের এক বিশেষ ও জটিল নিয়মের মুখোমুখি হতে হয়।

উল্লেখ্য, ২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশ লিগে 'টাইমড আউট'-এর নিয়ম কার্যকর করা হয়েছে। সংশোধিত এই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হলে বা অবসর নিলে পরবর্তী খেলোয়াড়কে অবশ্যই ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। যদি কোনো কারণে তিনি এই সময়ের মধ্যে প্রস্তুত হতে ব্যর্থ হন, তবে প্রথম বলটি খেলার সময় তাঁকে পিচের পাশে লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে অন্তত পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে হবে। এর ফলে বোলার সরাসরি ফাঁকা স্টাম্পে বল করার সুযোগ পান।

ঠিক এই পরিস্থিতিরই শিকার হন ডটিন। নিয়ম অনুযায়ী তাঁকে স্কয়ার লেগের কাছে দাঁড়িয়ে থাকতে হয়। বোলার সারা গ্লেন এই সুযোগটি হাতছাড়া করেননি। ব্যাটারবিহীন স্টাম্প লক্ষ্য করে বল ছুড়তেই ভেঙে যায় উইকেট। নিয়ম অনুযায়ী ডটিন বোল্ড আউট ঘোষিত হন। ব্যাট হাতে একটি বল খেলার সুযোগটুকুও পাননি তিনি, ফলে শূন্য রানেই মাঠ ছাড়তে হয় তাঁকে।

মজার বিষয় হলো, এই বলটি ওভারের একটি বৈধ ডেলিভারি হিসেবেই গণ্য করা হয়েছে। এটি কোনো অতিরিক্ত বল ছিল না এবং এই উইকেটটি সরাসরি বোলারের নামের সাথে যুক্ত হয়েছে।

ম্যাচ শেষে রেনেগেডসের অধিনায়ক এবং ম্যাচসেরা সোফি মোলিনু এই ঘটনাটিকে ক্রিকেটের এক বিরল অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “এটি এমন কিছু, যা ক্রিকেটে আমি আগে কখনো দেখিনি। আমাদের জন্য এটি ভালো শিক্ষা, অন্য দলগুলোর জন্যও নিশ্চয়ই। আমার মনে হয়, আগামী ১০ বছরে আর এমন ঘটনা দেখা যাবে না।”