অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। রিশাদ হোসেনের অংশগ্রহণের বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়ার পর এবার মোস্তাফিজের খেলার খবর সামনে এসেছে। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র বা এনওসি (NOC) চেয়েছেন এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজকে ছাড়পত্র দিতে বিসিবি কর্তৃপক্ষও আগ্রহী। জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান। আজ ডমেস্টিক থ্রি টুর্নামেন্টের নিলাম চলাকালীন বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন যে, মোস্তাফিজ তার অনাপত্তিপত্র চেয়েছেন।
বিগ ব্যাশ টুর্নামেন্টের ব্যস্ততার কারণে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিতে পারবেন না মোস্তাফিজ ও রিশাদ হোসেন। উল্লেখ্য, নিলামের সময় মোস্তাফিজকে নিয়ে খুব বেশি কাড়াকাড়ি দেখা যায়নি। ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নেওয়া সেভেন রিংস সিমেন্ট কেবল ওয়ানডে সংস্করণে তাকে পাবে।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার গৌরব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে, গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী আসরে তিনি আবারও একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন।
আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিগ ব্যাশের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা। ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণ। তবে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকায় ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে দেখা যাচ্ছে না।