ছোট বোনের দুর্দান্ত সেঞ্চুরি করা সত্ত্বেও মাঠের লড়াইয়ে জয় পেল না ব্রিসবেন হিট। উল্টো বড় বোন লরা হ্যারিসের বিধ্বংসী ব্যাটিংয়ের ঝড়ে বিশ্বরেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিল ব্রিসবেনের প্রতিপক্ষ সিডনি থান্ডার। লরা হ্যারিসের এই অবিশ্বাস্য ইনিংসের সামনে ম্লান হয়ে গেল ছোট বোন গ্রেস হ্যারিসের অপরাজিত ১২১ রানের ইনিংসটি।

নারী বিগ ব্যাশ টুর্নামেন্টের এই রোমাঞ্চকর ম্যাচে মাত্র ২০ বলে অপরাজিত ৬৩ রান করেছেন লরা হ্যারিস। তার এই তাণ্ডবের ফলে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড নিজেদের করে নিল সিডনি থান্ডার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২২৫ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছিল ব্রিসবেন হিট। তবে জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে ২২৬ রান তুলে ৬ উইকেটের এক অবিশ্বাস্য জয় পায় সিডনি থান্ডার।

ম্যাচের এক পর্যায়ে সিডনির অবস্থা ছিল বেশ শোচনীয়। বিশাল লক্ষ্য তাড়ায় ১০ ওভার শেষে ২ উইকেটে তাদের সংগ্রহ ছিল মাত্র ৮৪ রান। এরপর হিদার নাইট ও আনিকা লিয়ারয়েডের মধ্যে ৮৩ রানের একটি জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। তা সত্ত্বেও ১৪ দশমিক ৪ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান তুলে সিডনি কঠিন পরিস্থিতির মুখে পড়ে। জয়ের জন্য শেষ ৩২ বলে তখন প্রয়োজন ছিল ৮১ রান।

ঠিক এই সংকটময় মুহূর্তে ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন লরা হ্যারিস। ক্রিজে এসেই প্রথম দুই বলে চার মেরে নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জানান দেন তিনি, মজার ব্যাপার হলো বল দুটি করেছিলেন তার ছোট বোন গ্রেস। এরপর ব্রিসবেনের বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন লরা।

মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করে তিনি নারী বিগ ব্যাশে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভেঙে দেন। এর আগে ২০২২ সালে মেলবোর্ন স্টার্সের হয়ে ১৬ বলে ফিফটি করেছিলেন টেস ফ্লিনটফে।

লরা শেষ পর্যন্ত ২০ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬৩ রান করেন। অন্য প্রান্তে ৪৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন লিয়ারয়েড। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে অসম্ভবকে সম্ভব করে সিডনি। লরা হ্যারিস ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

এর আগে ব্যাট হাতে ব্রিসবেনের হয়ে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন গ্রেস হ্যারিস। ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ৯টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১২১ রান করেন তিনি। নারী বিগ ব্যাশে এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

চার্লি নটের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১১৮ রান যোগ করেন গ্রেস। নট ৩৪ বলে ৬২ রান করেন। তবে দলীয় ১১৮ রানেই চার বলের মধ্যে তিন উইকেট হারিয়ে ধাক্কা খায় ব্রিসবেন। সামান্থা বেটসের বলে আউট হন নট, জর্জিয়া রেডমেইন ও অরলা প্রেন্ডারগাস্ট।

সেই ধাক্কা সামলে যস্তিকা ভাটিয়াকে নিয়ে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি গড়েন গ্রেস। যস্তিকা ১৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এই প্রচেষ্টায় ব্রিসবেন ২২৫ রানের বিশাল সংগ্রহ পায়।

তবে গ্রেসের সেই সেঞ্চুরিও জয়ের জন্য যথেষ্ট ছিল না। সিডনির এই রান তাড়া করার ফলে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ভেঙে গেছে। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৩ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

একই সঙ্গে নারী বিগ ব্যাশের ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে সিডনি। এছাড়া দুই দলের সম্মিলিত ৪৫১ রান এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

এই জয়ের মাধ্যমে টানা চার ম্যাচের পরাজয়ের খরা কাটিয়েছে সিডনি থান্ডার। অন্যদিকে টানা চার জয়ের পর হারের স্বাদ পেয়েছে ব্রিসবেন হিট। তবে ম্যাচের মূল আকর্ষণ হয়ে থাকলেন দুই বোন; একজন ১২১ রান করেও পরাজিত দলের সদস্য হলেন, আর অন্যজন মাত্র ২০ বলের ঝড়ে ইতিহাস গড়লেন।