চামড়ার কারখানায় কাজ করেছেন তিনি। জীবিকার তাগিদে কিছুদিন করেছেন ওয়েল্ডিং। এমনকি একটি আইনজীবী প্রতিষ্ঠানের সহকারী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেখান থেকেই শুরু হয় ক্রিকেটার হওয়ার যাত্রা এবং এরপরই আসে টেস্ট অভিষেক। আর সেই অভিষেকেরই দ্বিতীয় বলে উইকেট শিকার! পুরো ঘটনাটি শুনলে মনে হতে পারে কোনো সিনেমার চিত্রনাট্য। তবে মোহাম্মদ আব্বাসের জীবনের গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটি এখনো বাকি।

সাধারণত পাকিস্তান ক্রিকেটে পেসার মানেই গতি, আগ্রাসন এবং আগুনঝরা বোলিংয়ের সমার্থক। ওয়াকার ইউনিস, শোয়েব আখতার কিংবা মোহাম্মদ সামিরার মতো বোলাররা ছিলেন সেই ধারারই প্রতিনিধি। কিন্তু আব্বাস যেন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ। তিনি বল করেন ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে। তাঁর মূল অস্ত্র গতি নয়, বরং নিখুঁত লাইন ও লেংথ। প্রতিটি বল যেন তিনি মেপে মেপে করেন।

প্রাচীন গ্রিসের গল্পকার ঈশপের সেই বিখ্যাত কচ্ছপ ও খরগোশের গল্পের কথা মনে পড়ে? যেখানে দ্রুতগতির খরগোশকে হারিয়ে দিয়েছিল ধীরস্থির কচ্ছপ। আব্বাসের ক্রিকেটীয় সাফল্য যেন সেই গল্পেরই এক বাস্তব পুনরাবৃত্তি।

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে ৬ উইকেট নিয়েছেন আব্বাস। চলতি বছর পাকিস্তানের জন্য এটিই ছিল শেষ টেস্ট ম্যাচ। আর এই ম্যাচেই সামনে এসেছে এক অবিশ্বাস্য পরিসংখ্যান। ২০২৬ সালে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে বিশ্বের সব দলের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এই পাকিস্তানি পেসার। ৮টি টেস্টের ১৪ ইনিংসে তাঁর শিকার ৩৯টি উইকেট। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জশ টাংয়ের চেয়ে তিনি ৬টি উইকেট এগিয়ে। এই তালিকার পরের দিকে রয়েছেন মিচেল স্টার্ক, যিনি ৬টি টেস্টে ৩২টি উইকেট নিয়েছেন।

আব্বাসের বোলিং দর্শন বুঝতে হলে রাওয়ালপিন্ডি টেস্টের দিকে তাকাতে হবে। দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার সাকিব খান। ফলে চার পেসারের পরিবর্তে তিন পেসার নিয়েই খেলতে হয় পাকিস্তানকে। এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে একাই ৩৪ ওভার বোলিং করেন আব্বাস। দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং ছিল মোট ৪৮ ওভার। সঞ্চালক জয়নব আব্বাস জানাচ্ছিলেন, শুধু আগের দিনই তিনি ২৫ ওভার বল করেছেন।

এমন কঠোর পরিশ্রম তাঁর জন্য নতুন কিছু নয়। গত ১০ বছরে এক টেস্টে পাকিস্তানের পেসারদের সবচেয়ে বেশি ওভার বোলিং করার ১০টি নজিরের মধ্যে পাঁচটিতেই রয়েছেন আব্বাস।

চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি বলও করেছেন তিনি। ৮ টেস্টের ১৪ ইনিংসে ১ হাজার ৮৪৭টি বৈধ ডেলিভারি করেছেন তিনি, যা পেসার ও স্পিনার মিলিয়ে সবার ওপরে। দ্বিতীয় স্থানে জশ টাং (২০২ ওভার) এবং তৃতীয় স্থানে হাসান মাহমুদ (২০১.৪ ওভার)।

সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাট তাঁকে পরিচয় করিয়ে দিয়েছেন ‘পাকিস্তানের বোলিং মেশিন’ হিসেবে। কেন এই উপাধি, তা বুঝতে আর কোনো বাড়তি ব্যাখ্যার প্রয়োজন নেই।

বাটকে আব্বাস জানিয়েছেন, তাঁর বোলিংয়ের অনুপ্রেরণা গ্লেন ম্যাকগ্রা, শন পোলক ও মোহাম্মদ আসিফ। গতির প্রতিযোগিতায় না গিয়ে তাঁদের মতো লাইন ও লেংথে মনোযোগ দিয়েছেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মন্থর পিচে বোলিং করতে গিয়েই তৈরি হয়েছে এই ধৈর্য। উইকেট পেতে হলে অপেক্ষা করতে হয়, আর সেই অপেক্ষার অভ্যাসই তাঁকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে।

ফিটনেস ধরে রাখতেও বেশ সচেতন আব্বাস। খাদ্যাভ্যাস ও বিশ্রামের মধ্যে তিনি সঠিক সমন্বয় করেন। ম্যাচের দিন কী খাবেন, সেটিও আগে থেকে নির্ধারিত থাকে। রাওয়ালপিন্ডি টেস্ট শেষে তিনি জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নেবেন।

আব্বাসের এই সাফল্যের আরেকটি দিক রয়েছে। এ বছর পাকিস্তানের পেসাররা টেস্টে নিয়েছেন মোট ১১৮ উইকেট, যা ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। গত দুই দশকে এক বছরে পাকিস্তানের পেসারদের জন্য এটাই সর্বোচ্চ উইকেটের সংখ্যা। ১২ জন পেসার মিলে এই কীর্তি গড়েছেন। অথচ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি খুররম শাহজাদের শিকার ৪ টেস্টে ১৮ উইকেট, যা আব্বাসের অর্ধেকেরও কম।

ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, ‘স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস’। পাকিস্তানের পেস বোলিংয়ে গতির যে দীর্ঘদিনের রাজত্ব, তার মাঝে দাঁড়িয়ে আব্বাস যেন এক ভিন্ন বার্তা দিচ্ছেন। সবাই যখন খরগোশ হতে চায়, তখন কচ্ছপ হয়েও যে দৌড় জেতা যায়, আব্বাস সেটাই আবারও মনে করিয়ে দিলেন।