সকালে ‘হ্যাপি বার্থডে’, সন্ধ্যায় ‘গুডবাই’!
জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাত্র সাত ঘণ্টার ব্যবধানে কোচ ইয়ান ইভাটকে ছাঁটাই করেছে ইংলিশ ক্লাব ব্ল্যাকপুল। বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই ডিফেন্ডারের ৪৫তম জন্মদিনের বার্তা দেওয়া হয়। তবে পেটে কেক হজম হতে না হতেই তাঁকে জানিয়ে দেওয়া হয় যে, আর তাঁর চাকরি নেই।
মূলত ব্ল্যাকপুলের সাম্প্রতিক দুঃসহ পরিস্থিতির কারণে ইভাটের চাকরি গত কিছুদিন ধরেই অনিশ্চিত অবস্থায় ছিল। ইংল্যান্ডের তৃতীয় স্তর লিগ ওয়ানে সর্বশেষ ১০টি ম্যাচের মধ্যে ছয়টিতেই পরাজয়ের স্বাদ পেয়েছে তাঁর দল। বর্তমানে দলটির অবস্থান অবনমন অঞ্চলের খুব কাছাকাছি, যা ক্লাব কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছিল।
তবে তাঁকে ছাঁটাই করার জন্য জন্মদিনকেই বেছে নেওয়া হবে, এমনটা অনেকেরই ধারণায় ছিল না। ১৯ নভেম্বর সকালে ক্লাবের এক্স অ্যাকাউন্টে কোচকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই একই মাধ্যমে তাঁকে দল থেকে বাদ দেওয়ার খবরটি প্রকাশ করা হয়।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইভাটের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ১২ মাস আগে কোচের দায়িত্ব নেওয়া ইভাটের অধীনে মোট ৫৭ ম্যাচ খেলেছে ব্ল্যাকফুল। তবে কোচের দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই এই ক্লাবটির সাথে ইভাটের সম্পর্ক ছিল, তিনি এই ক্লাবের খেলোয়াড়ও ছিলেন।
২০০৬ সালে কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর) থেকে ধারে ব্ল্যাকপুলে যোগ দিয়ে ২০১৩ সাল পর্যন্ত ২৫০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। ২০১০–১১ মৌসুমে ব্ল্যাকপুলকে প্রিমিয়ার লিগে তোলার পেছনে যাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ইভাট ছিলেন তাঁদের একজন। আর সেই বিশেষ মানুষটিরই এবার কোচ হিসেবে বিদায় ঘণ্টা বাজল তাঁর জন্মদিনের দিনেই।