অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এই বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক উপলক্ষ করে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস।

গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের একত্রিত করে মোস্তাফিজকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামক একটি বিশেষ ব্যবস্থা। এই উদ্যোগের আওতায় সমর্থকদের জন্য টিকিটের বিশেষ ছাড়ের সুবিধাও রাখা হয়েছে।

মেলবোর্ন রেনেগেডসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, মোস্তাফিজের আগমন উদ্‌যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিকে এক জায়গায় এনে তাদের প্রিয় ক্রিকেটারকে উৎসাহিত ও সমর্থন জানানো।

বিশেষ গ্যালারির পাশাপাশি টিকিটের দামেও ছাড় দেওয়া হবে। রেনেগেডসের ঘোষণা অনুযায়ী, ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজুর রহমান। রেনেগেডসে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিতে খেলার অভিজ্ঞতা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে চাই।’

অন্যদিকে, মোস্তাফিজকে দলে পেয়ে বেশ আশাবাদী রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও। তাঁর মতে, মোস্তাফিজের অভিজ্ঞতা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার অসাধারণ সামর্থ্য দলের জন্য একটি অত্যন্ত মূল্যবান সংযোজন হবে।

বিগ ব্যাশের ১৬তম আসরটি আগামী ১২ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত। তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ। ২০ ডিসেম্বর ওই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইএল টি–টুয়েন্টির দায়িত্ব শেষ করার পরপরই মোস্তাফিজ রেনেগেডসে যোগ দেবেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান দলটি।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। এছাড়া গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ হোসেন এবারও একই দলে থাকছেন। এবার মোস্তাফিজের অভিষেক ঘিরে মেলবোর্নের গ্যালারিতে লাল-সবুজের উপস্থিতি আরও বাড়াতে আগ্রহী রেনেগেডস কর্তৃপক্ষ।