আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। মন্ত্রী জানান, কেবল টঙ্গীই নয়, বরং আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা এবং চট্টগ্রামের শ্রমঘন এলাকাগুলোতে আরও ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে এই প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
গতকাল বুধবার পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামোর বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এসব কথা জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে শ্রম আইন সংশোধনসহ এই খাতে বিভিন্ন ইতিবাচক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর অন্তর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই পদক্ষেপ শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকেরা যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারেন, সে জন্য মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। ঘোষিত বেতনকাঠামো অনুযায়ী, তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা থেকে সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার অনুসারে এর আগে নির্ধারিত সব মজুরির চেয়ে এই মজুরি বেশি।
শ্রমমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ২০২৩ সালে তৎকালীন মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেখানে এবারের মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে ১৭ হাজার টাকা। এভাবে পর্যালোচনা করে দেখা যায়, এর আগে বিভিন্ন সময় ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে এবারের সুপারিশ করা মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। দ্রুততম সময়ে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী।
বিবৃতিতে শ্রমমন্ত্রী শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ এবং উৎপাদনশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি শ্রমিক ভাই-বোনদের কর্মক্ষেত্রে যোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুরোধ করেন। একই সঙ্গে দেশের অর্থনীতির চাকা বেগবান করতে মালিকপক্ষের প্রতি শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান মন্ত্রী।