পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির একটি প্রস্তাব পেশ করেছে মালিকপক্ষ। তবে মালিকপক্ষ ঠিক কত টাকা মজুরির প্রস্তাব দিয়েছে, তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাবটি গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে মালিকপক্ষ তাদের প্রস্তাবটি পেশ করে। সভায় সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। উল্লেখ্য, এর আগের সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরি হিসেবে ৩২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
আজ বিকেল পৌণে পাঁচটায় সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের সদস্যরা বিস্তারিত জানান। সেখানে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, “মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারেন।” তিনি আরও জানান যে, আজকের সভা চলবে এবং প্রয়োজনে আগামীকালও এই প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মালিকপক্ষের প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়।”
আজ বেলা পৌণে ১২টায় মজুরি বোর্ডের এই সভা শুরু হয়। চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।
এছাড়া বিশেষজ্ঞ হিসেবে সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন (মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে) এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম (শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে)।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই পোশাকশিল্পের শ্রমিকেরা আন্দোলন চালিয়ে আসছেন। শ্রমিকদের এই আন্দোলনের প্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করেন।
মজুরি প্রস্তাবটি তুলে ধরার সময় বাবুল আখতার যুক্তি দিয়ে বলেন, “চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।”
গত পাঁচটি মজুরি বোর্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করে, মালিকপক্ষ সাধারণত তার অর্ধেক বা তার চেয়েও কম মজুরির প্রস্তাব দেয়। পরবর্তীতে দীর্ঘ দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে কিছুটা বেশি মজুরি নির্ধারণ করা হয়।
সর্বশেষ ২০২৩ সালের মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির দাবি জানান। এর বিপরীতে মালিকপক্ষ প্রায় অর্ধেক, অর্থাৎ ১০ হাজার ৪০০ টাকার মজুরি প্রস্তাব করে। মালিকপক্ষের এই স্বল্প প্রস্তাবের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে পরদিনই পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তিন সপ্তাহব্যাপী সেই আন্দোলনের ফলে রাসেল হাওলাদার, ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের চারজন শ্রমিক প্রাণ হারান। পরবর্তীতে আন্দোলনের চাপে মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয়, যা চূড়ান্ত করা হয়।