কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিমসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে ওঠে সীমান্তের এপার। এই খবরের প্রতিক্রিয়ায় বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপি নেতা-কর্মীদের দাবি, আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন চৌধুরীসহ কয়েকজন আগরতলা বিমানবন্দরে পৌঁছেছেন। সেই সঙ্গে খবর ছড়িয়ে পড়ে যে, তাঁরা খুব শীঘ্রই আগরতলা সীমান্ত এলাকায় আসতে পারেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে বেলা সাড়ে তিনটার দিকে আখাউড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে বিকেল চারটার দিকে তাঁরা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় বিজিবির বিওপি ক্যাম্পের ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালীন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান করছে। তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতা করতে চাচ্ছে। তাই আমরা সীমান্ত এলাকায় জড়ো হয়েছি। ফ্যাসিস্টদের কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’
এই স্পর্শকাতর পরিস্থিতি বিবেচনা করে জেলা বিএনপির পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করে দেশের অভ্যস্তরে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করিতেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের জরুরি ভিত্তিতে সংগঠিত হয়ে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়ার নির্দেশক্রমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রশাসক সিরাজুল ইসলাম এই অনুরোধ জানিয়েছেন।
পরবর্তীতে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আখাউড়া স্থলবন্দর এলাকা এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবির বিওপি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবি নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতা-কর্মীদের সীমান্তে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছি। তারা সবাই সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান করছে।’
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আগরতলার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল অবস্থান করছে। একটি নির্বাচিত সরকারকে ভারতের পৃষ্ঠপোষকতায় অস্থিতিশীল করার জন্য যেকোনো পাঁয়তারা এ দেশের জনগণকে নিয়ে বিএনপি সরকার রুখে দেবে। এ দেশে কোনো অপতৎপরতা করার জন্য আমরা দেব না। আমাদের নেতা-কর্মীরা ও প্রশাসন সজাগ আছে।’
বিকেলের দিকে সরেজমিনে দেখা যায়, আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা জোরদার করতে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া আখড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আরও বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আর আখাউড়ার সীমান্ত দিয়ে কারও প্রবেশের কোনো তথ্য আমাদের কাছে নেই।’
এর আগে গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় নানক-নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আসার খবর পাওয়া গিয়েছিল। তাঁরা পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে ঘণ্টা দুয়েক অবস্থান করেন। জানা গেছে, আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তাঁদের কার্যক্রম সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি সীমান্ত এলাকা বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনে রয়েছে। এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ মুক্তকণ্ঠকে জানান, সীমান্তে টহল অনেক বেশি জোরদার করা হয়েছে এবং সীমান্ত দিয়ে কোনো অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।