ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কবরস্থানের জঙ্গলে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৫টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৪০ হাজার টাকা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে কামালমোড়া এলাকায় তল্লাশি চালায়। এসময় সীমান্তসংলগ্ন একটি কবরস্থানের জঙ্গলে মালিকবিহীন এসব চোরাই পণ্য পাওয়া যায়। জব্দ করা মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির এই তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি সরাইল ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে ১০ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, ১৮৪ কেজি গাঁজা, ৪০৭ বোতল ইস্কফ, ১০১ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১১২ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৫৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাই পণ্যের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা। এসব অপরাধে মোট ২৫ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, "সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"