ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকা মোড়া এলাকায় কাঁটাতারের বেড়ার ভারতীয় দিকে শাকিল (১৪) নামে ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ওই গ্রামের মালু মিয়ার ছেলে।
রোববার (২০ সেপ্টেম্বর) আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও বিজিবি সূত্র জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনা শেষে ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।"