ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন সেনা প্রাণ হারিয়েছেন। রুশ সরকারের নিজস্ব পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ায় মানুষের মৃত্যুর ধরন আমূল বদলে গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধারণা করেছিলেন যে এই যুদ্ধ মাত্র কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন হয়েছে এবং যুদ্ধটি প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। এই দীর্ঘ সময়ে রাশিয়ার কত মানুষকে প্রাণ দিতে হয়েছে, তা এখন এই পরিসংখ্যানের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে।

বিবিসি রাশিয়া ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড সংগ্রহ করেছে। বেলারুশের ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ এবং ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামক দুটি হ্যাকার দল এই তথ্যগুলো হ্যাক করেছিল। রাশিয়ার পরিসংখ্যান অফিস তাদের ওপর সাইবার হামলার কথা স্বীকার করলেও দাবি করেছে যে, কোনো গোপন তথ্য ফাঁস হয়নি।

রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে বিবিসি রাশিয়া রোসস্ট্যাটের এই তথ্যের সত্যতা যাচাই করেছে। যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা নিহত সেনাদের একটি নিজস্ব তালিকা তৈরি করেছিল। দেখা গেছে, রোসস্ট্যাটের তথ্যের সঙ্গে সেই তালিকার ৯০ শতাংশ নামই মিলে যাচ্ছে।

ফাঁস হওয়া এই রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যত তরুণ মারা গেছেন, তাঁদের ৬৫ শতাংশই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই মৃত্যুর হার ৫৯ শতাংশ। কেবল ৪৫ থেকে ৫৪ বছর বয়সী মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে, যুদ্ধের চেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বেশি মানুষ মারা গেছেন।

ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকায় রাশিয়ার ক্ষয়ক্ষতির ভয়াবহতাও এই তথ্যে ফুটে উঠেছে। ইউক্রেনের এমন ১০টি গ্রাম দখল করতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন, যে গ্রামগুলোতে যুদ্ধের আগে মোট জনসংখ্যা ছিল মাত্র ১২ হাজার।

এর একটি উদাহরণ হলো দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিভকা নামের একটি ছোট গ্রাম। এই গ্রামটি দখল করার প্রচেষ্টায় ১ হাজার ১২২ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন, অথচ যুদ্ধের আগে ওই গ্রামে মাত্র ৭৪ জন মানুষ বাস করতেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া তাদের কত সেনা নিহত হয়েছে, তার কোনো আনুষ্ঠানিক সরকারি হিসাব প্রকাশ করেনি। এমনকি দুই বছর আগে রোসস্ট্যাট বাইরের কোনো কারণে মৃত্যুর তথ্য প্রদান করাও বন্ধ করে দেয়। কারণ এই হিসাব বিশ্লেষণ করলেই যুদ্ধে কত সেনা মারা গেছে, তা সহজেই বোঝা যেত।

প্রমাণ হিসেবে বলা যায়, পূর্ব ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের অনেকেই রুশ বাহিনীর হয়ে লড়াই করেছেন। তাঁদের মধ্যে কতজন মারা গেছেন, তার একটি হিসাব বের করা হয়েছে। তবে রোসস্ট্যাটের রেকর্ডে তাঁদের মাত্র ৭০ শতাংশের নাম পাওয়া গেছে।