রাশিয়ায় অবস্থিত জাপানের বৃহৎ তামাক প্রতিষ্ঠান জাপান টোব্যাকোর চারটি প্রতিষ্ঠানের সম্পদ অস্থায়ী ব্যবস্থাপনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার এই নির্দেশ জারি করা হয়। টোকিও এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছে। একই সঙ্গে পরবর্তী করণীয় খতিয়ে দেখছে জাপান টোব্যাকো। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে জাপান সরকারের মালিকানা রয়েছে।
ইউক্রেন ভূখণ্ডে রুশ সামরিক অভিযানের পর থেকেই জাপান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চরম টানাপোড়েন চলছে। সম্প্রতি বিতর্কিত চারটি দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং এক জাপানি সাংবাদিককে আটকের ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় জাপান টোব্যাকোর ব্যবসা নিয়ে নতুন করে বিরোধের সূত্রপাত হলো।
রুশ সংবাদ সংস্থা তাসের দেওয়া তথ্য অনুযায়ী, ডনস্কয় তাবাক, পেরেস্লাভল তাবাক, জেটিআই ইয়েলেতস ও ক্রেস নেভা—এই চারটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং জেএসসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটসের অস্থায়ী ব্যবস্থাপনায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেটিআই-এর ওয়েবসাইটের তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির উৎপাদনকেন্দ্রগুলো সেন্ট পিটার্সবার্গ, রোস্তভ-না-দনু এবং লেনিনগ্রাদ ও লিপেৎস্ক অঞ্চলে অবস্থিত।
জাপান টোব্যাকোয় জাপান সরকারের সরাসরি মালিকানা বিদ্যমান। জেটি গ্রুপের বৃহত্তম শেয়ারহোল্ডার হিসেবে দেশটির অর্থ মন্ত্রণালয়ের হাতে রয়েছে ৩৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। আইন অনুযায়ী, কোম্পানিটির ইস্যু করা শেয়ারের অন্তত এক-তৃতীয়াংশ সরকারের মালিকানায় থাকা বাধ্যতামূলক।
১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে জেটিআই। ২০০৭ সাল থেকে দেশটির তামাক বাজারে শীর্ষস্থানে অবস্থান করছে প্রতিষ্ঠানটি। রাশিয়ায় তাদের প্রায় চার হাজার কর্মী কর্মরত আছেন এবং জেটিআই-এর মোট বিক্রির প্রায় ১০ শতাংশ আসে এই দেশ থেকে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর অনেক জাপানি কোম্পানি রাশিয়ার বাজার ছেড়ে চলে গেলেও জাপান টোব্যাকো সেখানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করে। এর জবাবে ২০২৩ সালের এপ্রিলে রাশিয়া পাল্টা ব্যবস্থা চালু করে। এর আওতায় মস্কোর ভাষায়, ‘বন্ধুত্বপূর্ণ নয়’—এমন দেশের প্রতিষ্ঠানের রাশিয়ায় থাকা সম্পদ সরকার বা মনোনীত প্রতিষ্ঠানের অস্থায়ী ব্যবস্থাপনায় নেওয়ার সুযোগ রাখা হয়।
তাসের ভাষ্য অনুযায়ী, রুশ নাগরিকদের ওপর বিদেশি নিষেধাজ্ঞা আরোপ এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জাপান টোব্যাকোর বিরুদ্ধে নেওয়া সর্বশেষ পদক্ষেপের নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে জানানো হয়নি।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু গতকাল শুক্রবার জানান, এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে টোকিও। একই সঙ্গে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অর্থ, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী রিওসেই আকাজাওয়া বলেন, জাপানি নাগরিক ও কোম্পানির বৈধ স্বার্থ রক্ষায় রুশ পক্ষকে বারবার অনুরোধ করা হয়েছে।
অর্থমন্ত্রী সাতসুকি কাতাইয়ামাও সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেটির সঙ্গে সমন্বয় করে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।”
আকাজাওয়া কূটনৈতিক তৎপরতার বিস্তারিত কিছু জানাননি, তবে রাশিয়ায় জাপানি কোম্পানিগুলোর সম্পদ রক্ষায় মস্কোর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এদিকে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভের কাছে প্রতিবাদ জানান জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয়–বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কিমিতাকে নাকামুরা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তিনিও ডিক্রি প্রত্যাহারের আহ্বান জানান।
প্রতিবাদ জানাতে দ্রুত মস্কো যান একই ব্যুরোর উপমহাপরিচালক ইশিগাকি তোমোয়াকি। গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় এশীয় বিভাগের প্রধান লুডমিলা জর্জিয়েভনা ভোরোবিওভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তাকে একটি প্রতিবাদপত্রও দেওয়া হয়। তাঁর সঙ্গে জাপানি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত আগস্টে পুতিনের এতোরোফু দ্বীপ সফর ঘিরেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পায়। হোক্কাইদোর পূর্ব উপকূলের কাছে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এবং জাপানের দাবি করা চারটি দ্বীপের একটি হলো এতোরোফু। এ ছাড়া গত মাসে রাশিয়ার দূরপ্রাচ্যে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক হন হোক্কাইদো শিম্বুনের এক সাংবাদিক। জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকের ভাষ্য অনুযায়ী, মস্কোর বৈঠকে ওই সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছে জাপান।
জেটি গ্রুপের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় তাদের কার্যক্রম প্রযোজ্য সব বিধিবিধান ও নিষেধাজ্ঞা মেনে চলছে। চারটি ইউনিটের ওপর ডিক্রির প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে কোম্পানিটি। পাশাপাশি সম্ভাব্য বিকল্প, পরবর্তী পদক্ষেপ এবং পুরো গ্রুপের ওপর এর প্রভাব খতিয়ে দেখছে তারা।
রুশ প্রতিষ্ঠানের অস্থায়ী ব্যবস্থাপনায় দেওয়ার কথা বলা হলেও এই ব্যবস্থার মেয়াদ কত দিন হবে, তা স্পষ্ট করা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার চাইছে টোকিও।
সম্প্রতি বার্ষিক ভালদাই ডিসকাশন ক্লাবের এক অধিবেশনে দেওয়া ভাষণে পুতিন জাপানের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন। বর্তমান অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারলে ‘সুপ্রতিবেশীসুলভ’ ও ‘পারস্পরিকভাবে লাভজনক’ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশার কথাও বলেছিলেন তিনি। তবে জাপান টোব্যাকোর সম্পদ নিয়ে নতুন এই বিরোধ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথকে আরও কঠিন করে তুলেছে। গত বছর তাইওয়ান নিয়ে একটি মন্তব্যকে কেন্দ্র করে চীনের সঙ্গে জাপানের কূটনৈতিক বিরোধ চলছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে নতুন এই সংঘাত জাপানের কূটনীতিকে আরও চাপের মুখে ফেলেছে।