বিএনপির দুই নেতার প্রাণহানি এবং এর প্রতিক্রিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা নড়াইল জেলাসহ মোট সাতটি জেলায় পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। নড়াইলসহ যে সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে পাঁচটি জেলাই সীমান্তবর্তী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিশেষ গুরুত্ব বিবেচনা করে এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানোর লক্ষ্যে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের উপ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

অন্যান্য জেলার নিয়োগের ক্ষেত্রে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের এসপি, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি এবং এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার এসপি করা হয়েছে। এছাড়া গাইবান্ধার এসপি জসিম উদ্দীনকে ফেনীর এসপি, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার এসপি নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। খুলনার এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, কেএমপির উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এপিবিএনের এসপি আরেফিন জুয়েলকে সিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া নওগাঁ জেলার এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআই-তে এবং ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশজুড়ে নাশকতার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর থেকে সীমান্তবর্তী ৩০টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া সাতজন পুলিশ সুপারের মধ্যে পাঁচজনই (সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ) এই সীমান্তবর্তী জেলাগুলোতে দায়িত্ব পেয়েছেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুনরায় চোরাগোপ্তা হামলা বা নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ভেতরে আনার পাশাপাশি ভারতে অবস্থানরত দলটির নেতা-কর্মীদের কেউ কেউ দেশে ঢুকে নাশকতায় অংশ নিতে পারেন—এমন আশঙ্কাও করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এই নির্দেশনা প্রদান করেন। আইজিপি-র নির্দেশনায় বলা হয়েছে, পুলিশকে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে নিবিড় সমন্বয় করে নজরদারি, টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।