স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিএসসি (পুলিশ) ক্যাডারের ৯ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে তাদের নতুন দায়িত্বে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মো. বদরুদ্দোজাকে এসআরবির (সাবেক র্যাব) উপপরিচালক (পুলিশ সুপার) পদ থেকে সরিয়ে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপারে বদলি করা হয়েছে।
এ ছাড়া মু. জালাল উদ্দিন ফাহিমকে পুলিশ অধিদপ্তরের এআইজি পদ থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফকে এসবির বিশেষ পুলিশ সুপারে বদলি করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপারে বদলি করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপারে এবং পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নূরুল আমীন হাওলাদারকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।