বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ ২৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন এবং ডিএমপির উপপুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদ—উভয়কেই গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ন কবিরকে ট্যুরিস্ট পুলিশে এবং পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যাঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে পদায়ন করা হয়েছে। এছাড়া এসআরইউয়ের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মঞ্জুরে আলম প্রামাণিককে ট্যুরিস্ট পুলিশে এবং এসআরবি (বিলুপ্ত র‌্যাব) পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

টিডিএসের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হালিমকে সিআইডিতে, সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। এই বদলির পাশাপাশি ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকেও বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”