দেশের পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে নিয়োগ দিয়েছে সরকার। বদলি করা কর্মকর্তাদের মধ্যে দুই জন উপমহাপরিদর্শক (ডিআইজি), চার জন অতিরিক্ত ডিআইজি এবং আট জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপণের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ উক্ত প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখা (এসবি)-র ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

পাশাপাশি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) মো. আসফিকুজ্জামান আকতারকে অতিরিক্ত কমিশনার হিসেবে খুলনা মহানগর পুলিশে (কেএমপি) পাঠানো হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে রেঞ্জ রিজার্ভ ফোর্স সিলেটের কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে এবং ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে এসবি-র সুপারনিউমারারি পুলিশ সুপার কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), পুলিশ অধিদপ্তরের এসপি এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ অধিদপ্তরের এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

একই সাথে সিআইডির বিশেষ পুলিশ সুপার সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), এসবি-র বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমানকে রংপুর মহানগর পুলিশে (আরএমপি), এসবি-র পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে, এসবি-র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে এবং পিবিআই-এর এসপি রবিউল ইসলামকে এসবি-র বিশেষ পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”