আজিয়াটা গ্রুপ বারহাদ-এর সহযোগী প্রতিষ্ঠান ইডটকো গ্রুপ এসডিএন বিএইচডির কাছ থেকে নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা সংগ্রহের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান দ্য ওসাইরিস গ্রুপ (ওসাইরিস)। এই চুক্তির আওতায় ইডটকো বাংলাদেশের ৭০ শতাংশ এবং ইডটকো পাকিস্তানের শতভাগ শেয়ারের মালিকানা লাভ করবে ওসাইরিস।

দেশের বৃহত্তম টাওয়ার কোম্পানি হিসেবে পরিচিত ইডটকো বাংলাদেশ বর্তমানে প্রায় ১৭ হাজার টাওয়ার পরিচালনা করছে। তারা বাংলাদেশের সকল প্রধান মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সেবা প্রদান করে থাকে। অন্যদিকে, ইডটকো পাকিস্তান প্রায় তিন হাজার টাওয়ারের মালিকানা ও পরিচালনা করছে। দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল এই দুটি ডিজিটাল বাজারে মোবাইল সংযোগ নিশ্চিত করতে এই প্রতিষ্ঠান দুটি অপরিহার্য প্যাসিভ অবকাঠামো, যেমন টাওয়ার ও আনুষঙ্গিক স্থাপনা সরবরাহ করে আসছে।

২০১৪ সালে যাত্রা শুরু করা দ্য ওসাইরিস গ্রুপ একটি বিশিষ্ট প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান, যাদের কার্যালয় ঢাকা ও হংকংয়ে অবস্থিত। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় তাদের বিনিয়োগ কার্যক্রম বিস্তৃত। গত এক দশকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা পাঠাও, গোযায়ান, সাজগোজ, টালিখাতা এবং সোলারিকের মতো বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করেছে। বর্তমানে তারা বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো নির্মাণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

বাংলাদেশের নতুন সমন্বিত অবকাঠামো লাইসেন্সের ফলে ইডটকো বাংলাদেশ এখন টাওয়ার এবং ফাইবার—উভয় সেবাই প্রদান করতে সক্ষম হবে। ওসাইরিস তাদের ডেটা সেন্টার ব্যবসার সঙ্গে এই দেশব্যাপী নেটওয়ার্ককে একীভূত করার পরিকল্পনা করেছে।

এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো একটি সমন্বিত ডিজিটাল অবকাঠামো প্ল্যাটফর্ম তৈরি হবে, যা টাওয়ার, ফাইবার ও ডেটা সেন্টারকে একই সূত্রে গেঁথে দেবে। এটি মোবাইল অপারেটর, বৈশ্বিক হাইপারস্কেলার এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্য ফাইভ-জি, ক্লাউড ও এআই (AI) সেবার মূল ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তি প্রসঙ্গে দ্য ওসাইরিস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ খান বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের মোবাইল নেটওয়ার্কের মূল মেরুদণ্ড গড়ে তুলেছে ইডটকো। টাওয়ার, ফাইবার ও হাইপারস্কেল-উপযোগী ডেটা সেন্টারকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে আমরা অপারেটর, হাইপারস্কেলার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অবকাঠামো দিতে পারব, যা দিয়ে ১৭ কোটির বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পাকিস্তানে ইডটকো আমাদের একটি বিশাল ও ক্রমবর্ধমান বাজারে শক্ত ভিত্তি তৈরি করে দিচ্ছে।’

ওসাইরিসের সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর আলী খান বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানে ইডটকোর ব্যবসাগুলো অত্যন্ত উচ্চ মানের অবকাঠামোগত সম্পদ, যেখানে প্রতিটি প্রধান অপারেটরের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমরা টাওয়ার ব্যবহারকারী অপারেটরের সংখ্যা (টেন্যান্সি) বাড়ানো, ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পুরো পোর্টফোলিওজুড়ে জ্বালানি দক্ষতা উন্নত করার সুস্পষ্ট সুযোগ দেখছি। এই হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন করতে আমরা ইডটকো টিম এবং দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছি।’

প্রবীণ ব্যাংকার মাহমুদ সাত্তার এই চুক্তি সম্পর্কে বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের দৃঢ় আস্থার প্রতিফলন। বৈশ্বিক পুঁজিকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত করে বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার মতো এমন দীর্ঘমেয়াদি বিনিয়োগই বাংলাদেশের প্রয়োজন।’

উল্লেখ্য যে, বাংলাদেশ ও পাকিস্তানের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং চুক্তির প্রচলিত শর্তাবলি পূরণ সাপেক্ষে এই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি চূড়ান্তভাবে সম্পন্ন হবে।